| Intro | বাঙালি সাহিত্য সমালোচক |
| Was |
Professor Writer |
| From | India |
| Type |
Academia Literature |
| Gender | male |
| Birth | 15 October 1892 |
| Death |
28 February 1970 (aged 77 years) |
শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় (জন্ম অক্টোবর ১৫ ১৮৯২ – মৃত্যু ফেব্রুয়ারি ২৮ ১৯৭০) বিশিষ্ট অধ্যাপক ও বাংলা ও ইংরেজি সাহিত্য গবেষক। জন্ম বীরভূম জেলার কুশমোরে। পিতা মধুসূদন বন্দ্যোপাধ্যায় ছিলেন বিশিষ্ট সাহিত্য সমালোচক। ১৯০৬ সালে এন্ট্রান্স পাশ করে ১৯০৮ সালে হেতমপুর কলেজ থেকে এফএ পরীক্ষায় চতুর্দশ স্থান অধিকার করেন ও স্কটিশ চার্চ কলেজ থেকে ঈশান স্কলার হয়ে বিএ এবং ১৯১২ সালে এমএ পরীক্ষাতেও ইংরেজিতে প্রথম শ্রেণিতে প্রথম হন। ১৯২৭ সালে ‘রোমান্টিক থিওরি – ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ’ থিসিসের ভিত্তিতে পিএইচডি উপাধি অর্জন করেন। কর্মজীবনে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করেন রিপন কলেজ, প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এরপর কিছুকাল রাজশাহী কলেজে অধ্যাপনা করার পর পুনরায় কলকাতার প্রেসিডেন্সি কলেজে ফিরে আসেন। এরপর সরকারি চাকুরি ত্যাগ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী অধ্যাপক নিযুক্ত হন ও ১৯৫৫ সাল অবধি ওই পদে বহাল থাকেন। স্বাধীন ভারতে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিতেও অংশ নিয়েছিলেন ও পশ্চিমবঙ্গের ব্যবস্থাপক সভার সদস্য হয়েছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ‘ইংরেজি সাহিত্যের ইতিহাস’, ‘বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা’, ‘বাঙ্গালা সাহিত্যের কথা’, ‘সাহিত্য ও সংস্কৃতির তীর্থসঙ্গমে’ প্রভৃতি উল্লেখযোগ্য।
তথ্যসূত্র
- বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সাহিত্য সংসদ, কলকাতা, ২০০২